আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় স্বরাষ্ট্রমন্ত্রীর: গোলাম পরওয়ার

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় স্বরাষ্ট্রমন্ত্রীর: গোলাম পরওয়ার

জাতীয় রাজনীতি

দেশের সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় দেশব্যাপী নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামি দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং বিভিন্ন নেতা নানা ধরনের বক্তব্য দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

আওয়ামী লীগের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, দলটি মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার সঙ্গে জড়িত। তারা ইসলামী দলগুলোকে জঙ্গিবাদী বলে আখ্যা দেয়। অথচ গোপালগঞ্জে যা ঘটেছে, সেটিই প্রকৃত জঙ্গিবাদ বলে মন্তব্য করেন তিনি।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়। গণভোটের রায় মেনে নেওয়া হলে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের মধ্যে ঐক্য তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।