যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করলে খুব শিগগিরই ইসরায়েলকে একাই পরিস্থিতি মোকাবিলা করতে হতে পারে।
সোমবার (৮ জুন) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি জানান, সংঘাত দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি সম্পর্কে নেতানিয়াহুকে সরাসরি সতর্ক করেছেন।
ট্রাম্প বলেন, “আমি তাকে বলেছি, বিবি, তোমাকে সতর্ক থাকতে হবে। অন্যথায় খুব দ্রুতই তুমি একা হয়ে যেতে পারো।”
এ মন্তব্য এমন সময়ে এলো, যখন এপ্রিল মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েল ও ইরান উভয় পক্ষই হামলা সাময়িকভাবে স্থগিত রাখার ইঙ্গিত দিয়েছে। পাশাপাশি সম্ভাব্য শান্তিচুক্তির লক্ষ্যে পরোক্ষ কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প উভয় পক্ষকে সব ধরনের হামলা বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে এবং অযৌক্তিক সিদ্ধান্ত যেন সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত না করে।
মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ফোনেও নেতানিয়াহুর সঙ্গে কথা বলে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন।
এর আগে রোববার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জবাবে ইরান উত্তর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।
পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন সোমবার ভোরে ইসরায়েল ইরানের কিছু সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা চালায়। ইসরায়েলি বাহিনীর দাবি, হামলার লক্ষ্য ছিল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও একটি পেট্রোকেমিক্যাল স্থাপনা।
অন্যদিকে ইরানও পাল্টা প্রতিক্রিয়া হিসেবে হাইফার একটি শিল্প স্থাপনা এবং দুটি ইসরায়েলি বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। তবে উভয় পক্ষের ক্ষয়ক্ষতির বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য এখনো পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেও যুক্তরাষ্ট্র, ইরান ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামী কয়েক দিনের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
