শেষ বাঁশির পর স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

শেষ বাঁশির পর স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

খেলাধুলা

ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে জাপান। রোববার (১৪ জুন) দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

ম্যাচে ৮৯তম মিনিটে দাইচি কামাদার হেডে গোলের মাধ্যমে সমতায় ফেরে জাপান। কর্নার থেকে কোকি ওগাওয়ার ক্রস থেকে আসে এই গুরুত্বপূর্ণ গোল। এই গোলের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন জাপানি সমর্থকরা।

তবে ম্যাচ শেষে দেখা যায় ভিন্ন এক দৃশ্য। গ্যালারিতে থাকা নীল ব্যাগ হাতে নিয়েই নিজেদের বসার জায়গা পরিষ্কার করতে শুরু করেন জাপানি দর্শকরা। যেখানে ম্যাচের উচ্ছ্বাসের অংশ ছিল সেই ব্যাগ, সেটিই পরে ব্যবহার হয় আবর্জনা সংগ্রহে।

বিশ্বকাপের বিভিন্ন আসরে জাপানি সমর্থকদের এমন আচরণ নতুন নয়। ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপ থেকেই ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করার এই সংস্কৃতি বিশ্বজুড়ে প্রশংসিত হয়ে আসছে। ২০২২ সালের কাতার বিশ্বকাপেও একই দৃশ্য দেখা গেছে।

এবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামেও তার ব্যতিক্রম হয়নি। ম্যাচ শেষে নিজেদের উপস্থিতির চিহ্ন রেখে গেলেও কোনো আবর্জনা ফেলে যাননি জাপানি সমর্থকরা।

সাধারণত ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করতে কর্মীদের বাড়তি সময় ও পরিশ্রম লাগে। তবে জাপানি দর্শকদের এই উদ্যোগ আবারও বিশ্ব ফুটবলে শৃঙ্খলা ও সংস্কৃতির অনন্য উদাহরণ হিসেবে প্রশংসা কুড়িয়েছে।