চোটে শেষ ষোলোর ম্যাচ থেকে ছিটকে গেলেন চুয়ামেনি, ধাক্কায় ফ্রান্স

চোটে শেষ ষোলোর ম্যাচ থেকে ছিটকে গেলেন চুয়ামেনি, ধাক্কায় ফ্রান্স

খেলাধুলা

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার কয়েক ঘণ্টা আগে বড় ধাক্কা খেল ফ্রান্স। উরুর চোটের কারণে দলের অন্যতম নির্ভরযোগ্য মিডফিল্ডার অরেলিয়াঁ চুয়ামেনি এই ম্যাচে খেলতে পারবেন না।

ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপ-এর বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

২৬ বছর বয়সী চুয়ামেনি ম্যাচপূর্ব শেষ অনুশীলনের সময় চোটে পড়েন। চলতি বিশ্বকাপে ফ্রান্সের চার ম্যাচের মধ্যে তিনটিতেই শুরুর একাদশে ছিলেন তিনি এবং মাঝমাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তার অনুপস্থিতিতে শুরুর একাদশে মানু কোনেকে দেখা যেতে পারে। এর আগে গ্রুপ পর্বে ইরাকের বিপক্ষে চুয়ামেনিকে বিশ্রাম দেওয়া হলে তার জায়গায় খেলেছিলেন কোনে।

রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার চলতি আসরে ফ্রান্সের মাঝমাঠের অন্যতম ভরসা ছিলেন। তার চোট শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফরাসি শিবিরে উদ্বেগ বাড়িয়েছে।

গ্রুপ ‘আই’-এর সবকটি ম্যাচ জিতে নকআউট পর্ব নিশ্চিত করেছিল ফ্রান্স। পরে রাউন্ড অব ৩২-এ সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট কাটে বর্তমান রানার্সআপরা।

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিতব্য ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচটি বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ৩টায় শুরু হবে।