স্পেনের বিপক্ষে ফাইনালে পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে আর্জেন্টিনার ড্রেসিংরুমের একটি ভিডিও। মাঠে নামার ঠিক আগে অধিনায়ক লিওনেল মেসির ড্রেসিংরুম ভাষণ এবং সতীর্থদের সঙ্গে দলের কৌশলগত আলোচনা ফুটে উঠেছে সেই ভিডিওতে, যা এখন ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রে।
ভিডিওতে মেসিকে বলতে শোনা যায়, “চলো সবাই, মাথা ঠান্ডা রাখো। সবচেয়ে জরুরি বিষয় হলো—আমাদের শান্ত থাকতে হবে। বাইরের সবকিছু ভুলে শুধু খেলায় মন দাও, নিজের স্বাভাবিক খেলাটা খেলো।”
ভিডিওর একটি অংশ প্রকাশ্যে আসার পর মেসির বলা ‘সবকিছু ভুলে যাও’ বাক্যটি নিয়ে সামাজিক মাধ্যমে নানা জল্পনা শুরু হয়। কেউ কেউ এর পেছনে গোপন কোনো বার্তা বা বিশেষ ইঙ্গিত খুঁজতে থাকেন।
তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানায়, পুরো ভিডিও প্রকাশের পর পরিষ্কার হয়েছে যে মেসি কোনো রহস্যময় বার্তা দেননি। বরং ফাইনালের চাপ কাটিয়ে স্বাভাবিক ফুটবল খেলতেই সতীর্থদের উৎসাহ দিচ্ছিলেন তিনি।
ড্রেসিংরুমে ছিল কৌশলগত আলোচনা ভিডিওতে শুধু মেসির বক্তব্যই নয়, মাঠে নামার আগে আর্জেন্টিনা দলের রণকৌশলও উঠে এসেছে।
ডিফেন্ডার ক্রিস্টিয়ান ‘কুতি’ রোমেরো গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজকে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালকে কীভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে কী কৌশল নেওয়া উচিত, সে বিষয়ে পরামর্শ দেন।
অন্যদিকে লিসান্দ্রো ‘লিচা’ মার্টিনেজ সতীর্থদের সতর্ক করে বলেন, প্রতিপক্ষকে যেন বক্সের ভেতরে সহজে প্রবেশ করে শট নেওয়ার সুযোগ না দেওয়া হয়। একই সঙ্গে নিকোলাস তালিয়াফিকোকে ইয়ামালকে পুরো ম্যাচজুড়ে নিবিড়ভাবে মার্কিং করার নির্দেশ দেন।
মেসিও রক্ষণভাগকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। তিনি বলেন, প্রতিপক্ষ আক্রমণে এলে লিয়েন্দ্রো পারেদেস ও এনজো ফার্নান্দেজ যেন অযথা সামনে উঠে না যান এবং নিজেদের পজিশন ধরে রাখেন।
‘আজকের দিনটা শুধুই তোমার’ মাঠে নামার আগে কুতি রোমেরো গোলরক্ষক দিবু মার্টিনেজের পিঠ চাপড়ে বলেন, “আজকের দিনটা শুধুই তোমার।” জবাবে আত্মবিশ্বাসী দিবু বলেন, “হ্যাঁ, আজ আমার দিন। এই দিনটা ইতিহাসে লেখা থাকবে।”
তবে শেষ পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ হয়নি। পুরো ম্যাচে স্পেনের চাপে পড়ে আর্জেন্টিনা নিজেদের সেরাটা দেখাতে পারেনি এবং শিরোপা হাতছাড়া করতে হয়।
ভিডিও নিয়ে মন্তব্যে নির্লিপ্ত স্কালোনি ড্রেসিংরুমের ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হলেও বিষয়টি নিয়ে মাথা ঘামাতে নারাজ আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি সোশ্যাল মিডিয়া দেখি না। এসব নিয়ে আমার কোনো ধারণা নেই। আপনারা কী নিয়ে কথা বলছেন, সেটাও আমি জানি না।”
