দিল্লির লাল কেল্লার কাছে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণে আত্মঘাতী হামলাকারী হিসেবে সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ঘটনার সময় হামলাকারী সাদা হুন্ডাই আই২০ গাড়ি চালাচ্ছিলেন। বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন, যদিও এনডিটিভির প্রতিবেদনে নিহতের সংখ্যা ১৩ জন বলা হয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণে ব্যবহৃত হুন্ডাই আই২০ গাড়িটি ঘটনার তিন ঘণ্টা আগে থেকে পার্ক করা ছিল। তদন্তকারীরা জানিয়েছেন, গাড়িটি চালাচ্ছিলেন মোহাম্মদ উমর। উমর ফারিদাবাদের ‘সন্ত্রাসবাদী চক্রে’ যুক্ত সন্দেহভাজন ব্যক্তি এবং ফারিদাবাদের আল ফালাহ মেডিক্যাল কলেজে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তিনি আদিল আহমেদ রাথারের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন, যিনি অনন্তনাগের গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের সাবেক সিনিয়র রেসিডেন্ট ডাক্তার। রাথারকে গত সপ্তাহে গ্রেপ্তার করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফারিদাবাদে অভিযান পরিচালনা করা হয়েছে।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার স্থানীয় সময় সকাল ১১টায় একটি উচ্চপর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা বৈঠক আহ্বান করেছেন। এই বৈঠকে স্বরাষ্ট্র সচিব, গোয়েন্দা ব্যুরোর পরিচালক, জাতীয় তদন্ত সংস্থার মহাপরিচালক এবং দিল্লি পুলিশের কমিশনার অংশগ্রহণ করেছেন।
দিল্লি উত্তরের ডিসিপি রাজা বাঁথিয়া জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি আনলফুল অ্যাক্টিভিটিস (প্রিভেনশন) অ্যাক্ট (ইউএপিএ) এবং ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) অধীনে দায়ের করা হয়েছে। তদন্ত এখনও চলছে এবং প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।
পুলিশ ও সরকারি কর্মকর্তারা সকল সম্ভাবনাই খতিয়ে দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
