আগে কখনো দেখেনি এমন শক্তি প্রয়োগ করব : ডোনাল্ড ট্রাম্প

আগে কখনো দেখেনি এমন শক্তি প্রয়োগ করব : ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরও সামরিক তৎপরতা থেকে সরে আসেনি তেহরান। বরং ইরানি বাহিনী ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে আরও জোরালো হামলা চালাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এ পরিস্থিতিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে লক্ষ্য করে কোনো হামলা চালানো হলে ইরানকে ‘আগে কখনো দেখা যায়নি এমন শক্তি’ দিয়ে জবাব দেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান শিগগিরই ‘অভূতপূর্ব আঘাত’ হানার পরিকল্পনা করছে। তিনি লেখেন, ইরান যদি এমন পদক্ষেপ নেয়, তাহলে যুক্তরাষ্ট্রও নজিরবিহীন শক্তি প্রয়োগ করবে।

এর আগে ইরানের সামরিক বাহিনীর অন্যতম প্রভাবশালী সংগঠন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে হামলার হুমকি দেয়।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘অধিকৃত অঞ্চল এবং আমেরিকান ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক অভিযান শুরু হতে যাচ্ছে।’

উত্তেজনাপূর্ণ এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত বিস্তারের আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।