কুষ্টিয়ার জেলা প্রশাসকের বদলি সংক্রান্ত বিষয়ে তথ্যপ্রমাণ ছাড়া বিতর্কিত মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের একটি আদালত।
মঙ্গলবার শুনানি শেষে আদালত এ আদেশ দেন। ঘটনার সূত্রপাত হয় গত ২৭ মার্চ। সেদিন কুষ্টিয়ার হরিপুর জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে বক্তব্য দেওয়ার সময় তিনি দাবি করেন, কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক এখানে বদলি হয়ে আসার জন্য প্রায় ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন।
তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
পরবর্তীতে গত ১৩ এপ্রিল তাকে একটি আইনি নোটিশ পাঠানো হয়। সেখানে দাবি করা হয়, তার বক্তব্যে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। নোটিশে সাত দিনের মধ্যে ওই অর্থ লেনদেনের বিষয়ে প্রমাণ ও সংশ্লিষ্ট ব্যক্তির নাম প্রকাশের জন্য বলা হলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো তথ্য দিতে পারেননি।
মামলার আইনজীবী আব্দুল মজিদ জানান, একজন সংসদ সদস্যের কাছ থেকে তথ্যপ্রমাণ ছাড়া এমন গুরুতর অভিযোগ সরকারি কর্মকর্তাদের মর্যাদাহানি করে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। এ কারণে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
