ভারতে রাস্তা ও জনবহুল এলাকা থেকে সব বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

ভারতে রাস্তা ও জনবহুল এলাকা থেকে সব বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আন্তর্জাতিক

ভারতে রাস্তা ও জনবহুল এলাকা থেকে সব বেওয়ারিশ কুকুর সরিয়ে নেওয়ার নির্দেশ বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। ২০২৫ সালের নভেম্বরে দেওয়া আগের রায়ের সংশোধন চেয়ে করা একটি পিটিশন মঙ্গলবার (১৯ মে) খারিজ করে দেয় আদালত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিউজের প্রতিবেদনে জানানো হয়, সুপ্রিম কোর্টের ওই রায়ে বলা হয়েছিল—হাসপাতাল, স্কুল, কলেজ, বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও ক্রীড়া কমপ্লেক্সসহ জনসাধারণের গুরুত্বপূর্ণ স্থান থেকে বেওয়ারিশ কুকুর সরিয়ে নিতে হবে।

সর্বশেষ শুনানিতে আদালত জানায়, বেওয়ারিশ কুকুরের আক্রমণের ঘটনা এখন জননিরাপত্তার জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে ঝুঁকি বেশি।

আদালত আরও পর্যবেক্ষণে উল্লেখ করে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনায় ছোট শিশুদের আহত হওয়া, প্রবীণ নাগরিকদের ওপর হামলা এবং বিদেশি পর্যটকদের আক্রান্ত হওয়ার ঘটনাও ঘটেছে, যা জননিরাপত্তার ঝুঁকি বাড়াচ্ছে।

রায়ে বলা হয়, কুকুরগুলোকে শুধু টিকা ও বন্ধ্যাকরণ করে আগের জায়গায় ফিরিয়ে দেওয়া যাবে না। বরং সেগুলোকে নির্ধারিত আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করতে স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে ভারতের বিভিন্ন শহরে বেওয়ারিশ কুকুর ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।